আজ প্রকৃতিবিদ, বিবর্তনবাদের জনক চার্লস রবার্ট ডারউইন এর জন্মদিবস। আজ সারা বিশ্বের বিজ্ঞান সচেতন মানুষ "ডারউইন দিবস (Darwin Day)" পালন করছে। আজ থেকে ২০০ শত বৎসর আগে ১৮০৯ সালের এই দিনে ডারউইন এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুল পালানো ছেলে ডারউইন পরবর্তীকালে বিবর্তন বাদ নামক এক যুগান্তকারী তত্ত্বের জন্ম দেন। এই তত্ত্বের মাধ্যমে তিনি মানুষ ও অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের জন্ম, বেড়ে ওঠা ও মৃত্যু সম্বন্ধে এমন কিছু কথা বলেন যা প্রচলিত ঈশ্বর আশ্রয়ী ধারণার সম্পূর্ণ বিপরীত। ডারউইন এক নতুন কথা শোনালেন। তিনি প্রচলিত ধারণা ও বিশ্বাসের মূলে কঠোর আঘাত হানলেন। তিনি আমাদেরকে জানালেন যে কোন অলৌকিক ফু দিয়ে এই পৃথিবী ও বিশ্বব্রহ্মান্ডসহ মানবপ্রজাতির সৃষ্টি হয়নি। কোন রকম 'কুন' বা 'টুনটুন' বলার মাধ্যমে প্রাণীজগত মাটি ফুড়ে পৃথিবীর মধ্যে উপস্থিত হয়নি। আকাশ থেকেও ধপাস ধপাস করে ডাইনোসর, হাতী, তিমি, বাঘ ইত্যাদি প্রাণী মাটিতে পরেনি। তিনি বলেছেন যে বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী পরিবেশের প্রভাব অনুযায়ী, অনেক সময় নিয়ে, ধীর গতিতে প্রাণীসমুহের বিকাশ হয়েছে। তারা বিলুপ্ত হয়েও গেছে সেরকম কোন দীর্ঘমেয়াদী কারণে।
ডারউইন সম্পর্কে কিছু তথ্য:
জন্মস্থান: ইংল্যান্ডের মফস্বর শহর 'শ্রুসবারি'।
তারিখ: ১২ ফেব্রুয়ারি, ১৮০৯ সাল
পিতা: রবার্ট ডারউইন
পিতামহ: এরেসমাস ডারউইন
পড়াশোনা: শ্রুসবারির গ্রামার স্কুল
ডাক্তারি পড়তে যান: এডিনবরা
পাদ্রি হওয়ার জন্য ভর্তি হন: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, ১৮২৮
পাদ্রি হিসেবে স্নাতক ডিগ্রী পান: ১৮৩১ সালে
বিগল জাহাজ যাত্রা শুরু করে: ১৬ ডিসেম্বর ১৮৩১ সালে,
জাহার ছাড়ার স্থান: প্লিমাউথ বন্দর
ব্রাজিল পৌঁছে: ১৬ ফেব্রুয়ারি, ১৮৩২ সালে
পেরুর রাজধানী লিমাতে পৌঁছে: ১৯ জুলাই ১৮৩৫ সালে
গ্যালাপাগাস দ্বীপপুঞ্জে পৌঁছে: ১৫ সেপ্টেম্বর, ১৮৩৫ সালে
তাহিতি দ্বীপে পৌছে: ১৫ নভেম্বর, ১৮৩৫ সালে
অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে পৌছে: ১২ জানুয়ারি, ১৮৩৬ সালে
মরিশাস দ্বীপে পৌছে: ২৯ এপ্রিল, ১৮৩৬ সালে
সেন্ট হেলেনা দ্বীপে: ৮ জুলাই
ইংল্যান্ডের কর্ণওয়ালের ফ্যালমাউথ বন্দরে ফেরেন: ০২ অক্টোবর, ১৮৩৬ সালে
"প্রজাতির উৎপত্তি (Origin of Species)" প্রকাশিত হয়: ১৮৫৯ সালের ২৪ নভেম্বর
ডারউইন মৃত্যুবরণ করেন: ১৯ এপ্রিল, ১৮৮২ সালে।
* ডারউইনের ভ্রমণসঙ্গীদের সম্পর্কে জানুন এই পেজ থেকে।
ডারউইন সম্পর্কে আরও কিছু তথ্য ও তাঁর রচনাগুলো একেবারে বিনেপয়সায় ডাউনলোড করুন গুটেনবার্গ সাইট থেকে।
'ডারউইন দিবস' বাংলাদেশীরা সফলভাবে পালন করতে শিখুক। বাংলাদেশের প্রত্যেকটি স্কুল-কলেজে এই দিবস সম্পর্কে আলোচনা হোক, শিক্ষিত মানুষরা সচেতন হোক, বাংলাদেশে ডারউইন পাঠকের সংখ্যা আরও বাড়ুক আজকের দিনে এটাই প্রত্যাশা করি।
Two Essays written in 1842 and 1844 (English)
or the Preservation of Favoured Races in the Struggle for Life. (2nd edition) (English)
আপনাকে ডারউইন দিবস ২০০৯ (Darwin Day 2009) এর শুভেচ্ছা
আজ ডারউইন দিবস
কিসে পুষ্টি বেশি? শিম নাকি শিমের বীজে
কিসে পুষ্টি বেশি? শিম নাকি শিমের বীজে এ নিয়ে অনেকেই মাঝেমধ্যে চিন্তায় পরে যান। আমিও মাঝে মাঝে বিভ্রান্ত হই, তাই তো? এটা তো ভাববার বিষয়। তো এই বিষয়ে পুষ্টিবিজ্ঞানীরা কি বলেছেন, তা জানা দরকার। আমিও এ নিয়ে তথ্য খুঁজে বেড়াতাম। আজ পত্রিকা পড়তে পড়তে পেয়ে গেলাম। জেনে গেলাম, আসলে কিসে পুষ্টি বেশি। শিম নাকি শিমের বীজে?
পুষ্টি : শিম বনাম শিমের বীজ
শীতকালীন সবজির মধ্যে শিম পুষ্টি ও স্বাদে অন্যতম। তবে শিমের চেয়ে বীজ বেশি পুষ্টিকর। আমিষের পরিমাণ শিমের চেয়ে বীজে ৬ গুণ বেশি। খাদ্যশক্তি শিমের চেয়ে বীজে ৭ গুণ বেশি। মোট খনিজ পদার্থ শিমের চেয়ে বীজে ৩ গুণ বেশি। আয়রনের পরিমাণ শিমের চেয়ে বীজে দ্বিগুণ বেশি। শর্করা শিমের চেয়ে বীজে ১০ গুণ বেশি। তবে ক্যালসিয়ামের পরিমাণ বীজের চেয়ে শিমে ৩ গুণ বেশি। ভিটামিন ‘এ’ বীজে নেই, শিমে আছে ১৮৭ মাইক্রোগ্রাম। শিমের বীজ ভেজে, ডাল রান্না করে, মাছ ও মাংসের সাথে সবজি হিসেবে খেতে খুব সুস্বাদু। শিমে আমিষের পরিমাণ কচুশাক, লালশাক ও মটরশুঁটি ব্যতীত সকল শাক-সবজির চেয়ে বেশি আছে। ক্যালসিয়ামের পরিমাণ কচুশাক ও লালশাক ছাড়া সকল শাক-সবজির চেয়ে কয়েকগুণ বেশি আছে। ভিটামিন বি১ ও আয়রনের পরিমাণও অধিকাংশ শাক-সবজির চেয়ে বেশি আছে। প্রতিদিন একজন পূর্ণ বয়স্ক মানুষ ২৫০ গ্রাম শিম খেয়ে দৈনিক ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারে। নিচে প্রতি ১০০ গ্রাম খাদ্যোপযোগী শিম ও পরিপক্ক শিমের বীজের পুষ্টিমান দেয়া হলো-
- পুষ্টি উপাদান শিম -- শিমের বীজ
- জলীয় অংশ (গ্রাম) ৮৬.১ -- ৯.৬
- আমিষ (গ্রাম) ৩.৮ -- ২৪.৯
- শর্করা (গ্রাম) ৬.৭ -- ৬০.১
- ক্যালসিয়াম (মিলিগ্রাম) ২১০ -- ৬০
- আয়রন (মিলিগ্রাম) ১.৭ -- ২.৭
- ক্যারোটিন (মাইক্রোগ্রাম) ১৮৭ -
- ভিটামিন বি১ (মিলিগ্রাম) ০.১০ -- ০.৫২
- ভিটামিন বি২ (মিলিগ্রাম) ০.০৫ -- ০.১৬
- ভিটামিন সি (মিলিগ্রাম) ৯ -
- মোট খনিজ পদার্থ (গ্রাম) ০.৯ -- ৩.২
- খাদ্যশক্তি (কিলোক্যালরি) ৪৮ -- ৩৪.৭
তথ্যটি দিয়েছেন কৃষিবিদ আহাম্মেদ। প্রকাশিত হয়েছে ইত্তেফাক পত্রিকায়।
এখানে ক্লিক করে বাকীটুকু পড়ুন
বিমূর্ত বীজগণিতের অন্যতম স্রষ্টা এমি নোয়েথারের জীবনসংগ্রাম
এ এম হারুন অর রশীদ ও ফরিদা হক
গত সংখ্যার পর
গণিতজ্ঞ বাবার উৎসাহ ও সাহচর্য যে এমির জীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল, তা বলাই বাহুল্য। বাবা ও মেয়ের এই বৈজ্ঞানিক সহযোগিতা গণিতের ইতিহাসে একটি মধুর অধ্যায়। হেরমান ভাইলের ভাষায়, ‘বাবা ও মেয়ের এই অপূর্ব সাহচর্য সৃষ্টি করেছিল এক সৃষ্টিশীল ও সক্রিয় জুটি, যা গণিতের জগতে তুলনাহীন।’
এমি নোয়েথার ঠিক কী ধরনের কাজ করে বিখ্যাত হয়েছিলেন, তা এখানে সামান্য উত্থাপন করাও অসম্ভব−ব্যাখ্যা করা তো দুরের কথা। কিন্তু কিছু ধারণা দেওয়ার জন্য উল্লেখ করা যায়, এমি ছিলেন একজন বিশুদ্ধ বীজগণিতবিদ। একজন বিশুদ্ধ গণিতবিদ সংখ্যার ওপর চারটি কাজ বা অপারেশন ছাড়া আর কিছুই করতে পারেন না। কাজগুলো হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। তাঁর কাছে সংখ্যার একটি গুচ্ছ আসলে একটি আবদ্ধ গুচ্ছ; অর্থাৎ তাঁর কাছে এমন কিছুই নেই, যা দিয়ে তিনি ওই গুচ্ছের বাইরে যেতে পারেন। এ ধরনের একটি সংখ্যাগুচ্ছকে বলে ক্ষেত্র বা ফিল্ড। ক্ষেত্রের সবচেয়ে সহজ উদাহরণ হলো মূলদ সংখ্যার সেট। এখন আমরা সবাই জানি, বীজগণিতের চিরায়ত সমস্যা হলো বীজগাণিতিক সমীকরণ f(x)=0 এর সমাধান নির্ধারণ, যেখানে x হলো একটি চলক রাশি এবং f(x) হলো তার অপেক্ষক। এখন অপেক্ষকের মধ্যে থাকে চলকের বিভিন্ন ঘাতের পদ, যাদের সহগগুলো তৈরি করে একটা ক্ষেত্র বা ফিল্ড শ। উদাহরণস্বরূপ মূলদ সংখ্যার ক্ষেত্রে এর মধ্যেই সীমিত থাকে ওই অপেক্ষকের সব সহগ। এখন বীজগাণিতিক সমীকরণটি সমাধান করে আমরা পাই তার মূল, যা জানা থাকলে সৃষ্টি করা যায় উপরিউক্ত চারটি কাজের মাধ্যমে একটি বীজগাণিতিক ক্ষেত্র k ("")।
পূর্ণ সংখ্যার ওপর শুধু যোগ, বিয়োগ ও গুণন আমরা অসংখ্যবার প্রয়োগ করতে পারি। এভাবে সংখ্যার যে এলাকা বা অঞ্চল সৃষ্টি হয়, তাকে বলে রিং। সংখ্যাতত্ত্ব আলোচনা করে এই রিং নিয়ে; ফিল্ড নিয়ে নয়। একটি চলকের অপেক্ষক হলো একটি বহুপদী রাশি বা পলিনমিয়াল, যা সেই সব রাশির অঞ্চল চিহ্নিত করে, যাদের মাধ্যমে একটা রিং তৈরি হয়। সুতরাং বহুপদীর সংশ্লিষ্ট বীজগণিতের রাশি হলো রিং। এভাবে স্বতঃসিদ্ধ পদ্ধতিতে ধীরে ধীরে একটা বীজগাণিতিক সংগঠন তৈরি করা যায়। এই স্বতঃসিদ্ধ বীজগণিতের সঙ্গে জড়িত বিখ্যাত সব গণিতবিদের নাম; যেমন−ক্রোনোকার, ডোডেফিল্ড, মূর, পিয়ানো ও হিলবার্ট, যাঁদের হাতে স্বতঃসিদ্ধ পদ্ধতি সৃষ্টি এবং বিকাশ লাভ করে। এমি নোয়েথারও ছিলেন এই স্বতঃসিদ্ধ গণিতের একজন অত্যন্ত নিপুণ ও সার্থক শিল্পী। তাঁর হাতেই গণিতের বহু নতুন সমস্যা চিহ্নিত ও সমাধান হয়েছে। এভাবেই সৃষ্টি হয়েছে অবিনিময়ী বীজগণিত, যার প্রয়োগ আমরা পাই আজকাল কোয়ান্টাম বলবিজ্ঞানে এবং কণা-পদার্থবিজ্ঞানে।
এমি নোয়েথারের কর্মপরিমন্ডলের পূর্ণ পরিচয় দেওয়ার স্থান এটা নয়। তবে এটুকু বলা যায়, তিনি ১৯১৩ সালে কাজ করেছিলেন যৌক্তিক অপেক্ষকের ওপর, ১৯২০ সালে মডিউল, আইডিয়ালের ওপর এবং ১৯২৫ সালে গ্রুপতত্ত্বের ওপর। কোয়ান্টাম ক্ষেত্রতত্ত্বের প্রথমেই আসে ‘নোয়েথারের উপপাদ্যে’র উল্লেখ। এ উপপাদ্য অনুসারে যেকোনো ভৌত ব্যবস্থার প্রতিসাম্য গাণিতিকভাবে প্রকাশ করার জন্য প্রয়োজন হয় কতগুলো কারকের। ভৌত প্রতিসাম্যের অধীনে ওই কারকগুলো যদি অপরিবর্তনীয় থাকে, তবে তার অনুষঙ্গী একটি সংরক্ষণের আইনও আমরা স্বীকার করে নিই। যেমন−ত্রিমাত্রিক বিশ্বের মহাকাশ সব দিকে একই। তাই এই বিশ্বে সরণ প্রতিসাম্য দাবি করে সর্বব্যাপী রৈখিক ভরবেগের সংরক্ষণের নীতি। একইভাবে সময় অনুসারে সরণের অনুষঙ্গী কারকের অপরিবর্তনের দাবি থেকে আসে শক্তি সংরক্ষণের নীতি। এভাবেই শক্তি ও ভরবেগের সংরক্ষণের নীতি নোয়েথারের তত্ত্বের মাধ্যমে তাদের প্রকৃত কারণ অর্থাৎ মহাকাশের দিক-নিরপেক্ষতার প্রতিসাম্যের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যায়। এমি নোয়েথার প্রথম জীবনেই অপরিবর্তনীয়ের নীতির একজন বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। ফলে গটিনজেন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ক্লাইন ও হিলবার্ট তাঁকে বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, জার্মান গণিতের এত বড় দুজন ব্যক্তিত্বের পক্ষেও এমিকে বিশ্ববিদ্যালয়ে একটি উপযুক্ত নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল একটি আইন−বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পদে নিয়োগ লাভ করতে পারেন পুরুষ, কোনো মহিলা নন। হিলবার্ট তাই এ সময় প্রকাশ্যে দুঃখ করে বলেছিলেন, তিনি বুঝতে পারেন না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার ক্ষেত্রে এ প্রশ্ন কেন ওঠে, প্রার্থী পুরুষ না মহিলা; বিশ্ববিদ্যালয় তো স্নানাগার নয়? অবশ্য এমির দুর্ভাগ্য ছিল দ্বিবিধ−তিনি ছিলেন মহিলা ও ইহুদি। তবে নোয়েথারের অকৃত্রিম পৃষ্ঠপোষক ছিলেন হিলবার্ট, ক্লাইন, আইনস্টাইন, ডাইল এবং আরও অসংখ্য প্রথিতযশা বিজ্ঞানী। কিন্তু জাতিগত বিদ্বেষ ও ঈর্ষাপরায়ণতা যে ছিল না, তা নয়। কিছুকাল তিনি অতি সাধারণ একটি নিয়োগ পেয়েছিলেন, যার জন্য কোনো বেতন নির্দিষ্ট ছিল না। জার্মান ভাষায় এটা ছিল ‘টিটেল ওহনে মিটেল’, সম্মানী ছাড়া শুধু উপাধি। কিন্তু সেটাও একসময় বন্ধ হয়ে যায়, নাৎসিরা যখন রাষ্ট্রক্ষমতা দখল করে ইহুদি বিতাড়ন এবং পরে ইহুদি নিধন শুরু করে। এমি নোয়েথারের পক্ষে জার্মানি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া ছাড়া আর উপায় ছিল না। যুক্তরাষ্ট্রে তিনি এক মহিলা কলেজে একটি সম্মানজনক পদ পান। কিন্তু অবিবাহিত এমি নোয়েথারের জীবনধারণের চাহিদা ছিল অতি সামান্য। তাই তিনি তাঁর নতুন বেতনের অর্ধেকই তাঁর ভ্রাতুষ্কপুত্রের জন্য সঞ্চয় করে রাখতেন। এমি নোয়েথার সম্পর্কে যে গল্পটি আমার সবচেয়ে মধুর লাগে, তা হলো তাঁর ছাতার গল্প। তাঁর বহুল ব্যবহূত ছাতার দুরবস্থা দেখে তাঁর ছাত্রছাত্রীরা একবার সেটি মেরামত করার প্রস্তাব করলে তিনি উত্তর দিয়েছিলেন, ‘তা তো সম্ভব নয়। যখন বৃষ্টি হয় না, তখন আমি ছাতার কথা চিন্তাই করি না। কিন্তু যখন বৃষ্টি পড়ে, তখন ছাতাটি আমি ব্যবহারই করি।’ বোধহয় এ কারণেই নোয়েথারের সব ছাত্রছাত্রী তাঁকে সব সময় গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করতেন। এ জন্যই আলবার্ট আইনস্টাইন লিখেছিলেন, ‘এমি নোয়েথারের বহু বর্ষব্যাপী নিঃস্বার্থ, গভীর তাৎপর্যপূর্ণ গবেষণা জার্মানির নতুন শাসকেরা পুরস্কৃত করেছিলেন তাঁকে চাকরিচ্যুত করে, যে চাকরি ছিল তাঁর অতি সাধারণ জীবনধারণের একমাত্র উপায় এবং যার মাধ্যমে তিনি তাঁর গাণিতিক গবেষণাকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। প্রিন্সটনে তিনি সেই সব সহকর্মীর সাহচর্য পেয়েছিলেন, যাঁরা তাঁর মৃত্যুর দিনটি পর্যন্ত তাঁর বন্ধুত্বের যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছিলেন। এটাই ছিল তাঁর সারা জীবনের সবচেয়ে সার্থক ও আনন্দময় কিছু সময়।
প্রথম আলো, ২ অক্টোবর, ২০০৮
বিমূর্ত বীজগণিতের অন্যতম স্রষ্টা এমি নোয়েথারের জীবনসংগ্রাম
এ এম হারুন অর রশীদ ও ফরিদা হক
উন্নত অথবা স্বল্পোন্নত−সব সমাজেই সংখ্যালগিষ্ঠ জনগোষ্ঠীর কোনো সদস্য যদি মহিলা হন, তাহলে তিনি যত প্রতিভাধরই হোন না কেন, তাঁর পক্ষে বৃহত্তর সমাজের কাছ থেকে যথাযোগ্য স্বীকৃতি আশা করা অনেকটা আকাশকুসুম। এর একটা সুন্দর উদাহরণ আমালি এমি নোয়েথার (১৮৮২−১৯৩২), যিনি একদিকে মহিলা ও ইহুদি, অন্যদিকে নিঃসন্দেহে ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণকারী প্রথম শ্রেণীর গণিতবিদদের অন্যতম উজ্জ্বল এক নক্ষত্র। তাঁর সম্পর্কে স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন লিখেছিলেন, ‘জীবিত ও সক্রিয় বেশির ভাগ নামকরা গণিতজ্ঞের বিচারে ফ্রয়লাইন নোয়েথার ছিলেন মহিলাদের জন্য উচ্চশিক্ষা প্রবর্তনের শুরু থেকে আজ পর্যন্ত জন্মগ্রহণকারী প্রতিভাশালী গণিতবিদদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গণিত-প্রতিভা।’
আইনস্টাইন যে মহিলার প্রয়াণকালে এই অকুন্ঠ প্রশংসাবাণী উচ্চারণ করেছিলেন, তিনি জার্মানির এরলাঙ্গেন শহরে ১৮৮২ সালের ২৩ মার্চ সোমবার জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ম্যাক্স নোয়েথার (১৮৪৪−১৯২১) নিজেও ছিলেন একজন নামকরা গণিতবিদ এবং এরলাঙ্গেন বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। ওই সময় এরলাঙ্গেন বিশ্ববিদ্যালয় ছিল জার্মানির তিনটি ‘মুক্ত’ বিশ্ববিদ্যালয়ের একটি। এ বিশ্ববিদ্যালয়গুলো ছিল এই অর্থে মুক্ত যে তারা খ্রিষ্টীয় চার্চের কোনো অর্থানুকুল্যে স্থাপিত হয়নি এবং তাই তারা ধর্মীয় বিধিনিষেধের বাইরে কাজ করার স্বাধীনতা বহুলাংশে ভোগ করত।
এরলাঙ্গেন বিশ্ববিদ্যালয় একসময় ইউরোপে বিশেষ খ্যাতি অর্জন করেছিল যে গণিতবিদের কল্যাণে, তিনি হলেন ফেলিক্স ক্লাইন (১৮৪৯−১৯২৫)। এই ফেলিক্স ক্লাইনই সর্বপ্রথম জ্যামিতিক গবেষণায় গ্রুপ বা দলের অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন। ফলে উদ্ভব হয়েছিল বিখ্যাত ক্লাইন-বোতলের। গণিতে ক্লাইনের গভীর অন্তর্দৃষ্টির ফলেই সৃষ্টি হয়েছিল তার ‘এরলাঙ্গেন প্রোগ্রাম’ বা এরলাঙ্গেন কর্মসুচি, যার জন্য আজও ক্লাইনের নাম গণিত মহলে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়।
ফেলিক্স ক্লাইনের সুযোগ্য ছাত্র ছিলেন পল গর্ডান (১৮৩৭−১৯১২), যিনি শুধু ম্যাক্স নোয়েথারের বন্ধু ও সহকর্মীই ছিলেন না, তিনি মেয়ে এমি নোয়েথারের গবেষণা-পরিচালকও হয়ে গিয়েছিলেন। গর্ডানের প্রত্যক্ষ প্রভাবেই এমি নোয়েথার অপরিবর্তনীয়ের তত্ত্ব বা ‘থিওরি অব ইনভেরিয়্যান্টস’-এর ওপর একটি উল্লেখযোগ্য প্রবন্ধ রচনা করেছিলেন জীবনের শুরুতেই। এ প্রবন্ধের শিরোনাম ছিল ‘টারনারি বাইকোয়াড্রাটিক ফর্মের ফর্ম ব্যবস্থা নির্মাণ’। এটাই এমি নোয়েথারের পিএইচডি অভিসন্দর্ভ, যা এরলাঙ্গেন বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত হয়েছিল ১৯০৮ সালের ২ জুলাই, যখন এমির বয়স মোটে ২৬। এর কিছুদিন আগেই এরলাঙ্গেনের পদার্থবিজ্ঞানী ও চিকিৎসকদের সমিতির এক সভার প্রতিবেদন হিসেবে প্রবন্ধটির অংশবিশেষ প্রকাশিত হয়েছিল। খুব সম্ভব এটাই এমি নোয়েথারের প্রথম বৈজ্ঞানিক প্রকাশনা, যা পরে সম্পুর্ণ আকারে প্রকাশিত হয়েছিল ‘জার্নাল ফ্যুর ডি রাইনে উন্ড আনগেভান্টে ম্যাথমেটিকে’, ১৩৪ (১৯০৮), ২৩-৯০। এই প্রবন্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য এ কারণে যে এ প্রবন্ধটি শেষ হয় একটি বিরাট তালিকা দিয়ে, যেখানে রয়েছে তিন শতাধিক বিস্তৃতভাবে লেখা অপরিবর্তনীয় রাশি। এসব রাশির কয়েকটি পরে আলোচনা করা হবে।
কিন্তু মজার ব্যাপার এই যে এমি নোয়েথার পরে তাঁর অপরিবর্তনীয়ের তত্ত্বের ওপর এ কাজ সম্পর্কে বিশেষ কিছু বলতে চাইতেন না। এমনকি তিনি একবার স্বীকারও করেছিলেন, ‘আমি সম্পুর্ণ ভুলেই গেছি প্রতীক গণনা পদ্ধতি, যা একসময় আমি শিখেছিলাম এবং ব্যবহার করেছিলাম।’ এমি নোয়েথার তাঁর পিএইচডির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সম্মানের সঙ্গেই−সুম্মা কাম লাউডে ১৯০৭ সালের ১৩ ডিসেম্বর। এর পরের কয়েক বছর তিনি এরলাঙ্গেনের গণিত ইনস্টিটিউটের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন কোনো বেতন বা নিয়োগ ছাড়াই। মনে হয়, এ সময়ই এটি এমির কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে তিনি তাঁর সমগ্র জীবন গণিতের গবেষণাতেই কাটিয়ে দেবেন−বেতন তাঁর ভাগ্যে আসুক বা না আসুক। এ সময় তিনি বিভিন্ন গাণিতিক সভা-সমিতি-আলোচনাচক্রে যোগদান করতেন উৎসাহের সঙ্গে। কেননা, এভাবেই গণিতে কী হচ্ছে, সে সম্পর্কে ধারণা করা যায়। এসব আলোচনাচক্রে অনেক সময় তিনিই একমাত্র মহিলা গণিতবিদ উপস্থিত থাকতেন; অন্য যেসব মহিলা আসতেন, তাঁরা তাঁদের স্বামীর সঙ্গিনী মাত্র।
মনে রাখা দরকার, এমি যখন জন্মগ্রহণ করেছিলেন, তার কিছুদিন আগেও ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশাধিকার ছিল না এবং জার্মানিতে কোনো বাবা চিন্তাও করতে পারতেন না, তাঁর মেয়ে বিজ্ঞান চর্চা করতে এগিয়ে আসবে, বিশেষ করে গণিতের মতো বিমূর্ত বিষয়ে। অবশ্য ১৯০৩ সালে মেরি কুরি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তেজস্ক্রিয়তা আবিষ্ককারের জন্য। মাদাম কুরি কী অমানুষিক পরিশ্রম করে খনিজ পদার্থ থেকে তেজস্ক্রিয় রেডিয়াম পৃথক করতে সক্ষম হয়েছিলেন, সে গল্প আজ সবাই জানে। মাদাম কুরি ভাগ্যবান যে তিনি তাঁর কাজের স্বীকৃতি পেয়েছিলেন, কিন্তু সবারই সে ভাগ্য হয় না। যেমন−পরমাণু বিভাজনের কথাটি প্রথমে যাঁর মাথায় এসেছিল, তিনি একজন জার্মান মহিলা−লিঙ্গে মাইটনার। আবার ডিএনএ পরমাণুর ডবল হেলিক্স নকশা যেসব পরীক্ষণলব্ধ প্রমাণের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, এর এক্স-রে ছবিগুলো উঠিয়েছিলেন মিস রোজালিন্ড, যাঁর নামও আজ আর বিশেষ উচ্চারিত হয় না। কিন্তু গবেষণার পথ কুসুমাস্তীর্ণ নয় জেনেও এরলাঙ্গেনের এই ইহুদি তরুণী সে পথই বেছে নিয়েছিলেন। পরে এমি নোয়েথার স্বতঃসিদ্ধ বীজগাণিতিক গবেষণার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃষ্টিশীল গণিতবিদ হিসেবেই স্বীকৃতি লাভ করেছিলেন। এটা যে একজন মহিলার পক্ষে কত বড় কৃতিত্ব, তা যাঁরা গণিত গবেষণার ব্যাপারে কিছু খোঁজখবর রাখেন, তাঁরাই স্বীকার করবেন।
প্রথম আলো, ২৬ অক্টোবর, বিজ্ঞান প্রজন্ম সংখ্যায় প্রকাশিত