Showing posts with label যান্ত্রিক. Show all posts
Showing posts with label যান্ত্রিক. Show all posts

সময়খেকো ফড়িং ঘড়ি

. Friday, October 24, 2008
0 comments

ঘড়ি বলতে যা বোঝায় তা হলো নানা আকৃতির কাঁটাবিশিষ্টএকটি যান্ত্রিক ব্যবস্থা, যা টিকটিক করে সময়ের জানান দেবে; কিন্তু কেউ কি কাঁটা ও সংখ্যা ছাড়া ঘড়ির নাম শুনেছেন কোনোদিন?

ড. টেইলর হলেন একজন হরোলজিষ্ট, যিনি সময় পরিমাপ বিষয়ে কাজ করেন। তিনি এমন একটি ঘড়ি তৈরি করেছেন, যার কোনো কাঁটা বা হাতা নেই, নেই সংখ্যাও। শুধু সময় প্রদর্শনের জন্য এর পৃষ্ঠে ৬০টি চিরকাঁটা এবং একটি ঘাসফড়িং ব্যবহৃত হয়েছে। এ ঘাসফড়িংটির নড়াচড়ার ফলে নীল বর্ণের আলোক ঝলকের সৃষ্টি হয়, যা পুরো পৃষ্ঠ প্রদক্ষিণ শেষে একটা নির্দিষ্ট সময় পর থামে। কিন্তু ঘড়িটিকে পাঁচ মিনিটে একবার সঠিক বলা যায়। কারণ প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর আলোটি সময় প্রদর্শনের জন্য থামে। উল্লিখিত ঘাসফড়িংটিকে সময় পরিমাপক বলা যায়, যা কি-না প্রায় চার ফুট ব্যাসবিশিষ্ট পৃষ্ঠে অগ্রসর হতে থাকে এবং এর প্রতিটি পদক্ষেপকে এক সেকেন্ড বলা হয়। এর পৃষ্ঠে ২৪ কেরেট সোনার প্রলেপ দিতে ৮ জন প্রকৌশলী এবং দক্ষ কারিগরের ৫ বছর সময় লেগেছে। ঘড়িটি তৈরিতে ব্যয় হয়েছে ১০ লাখ পাউন্ড। এটিতে ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক মোটর, যা ২৫ বছর পর্যন্ত সচল থাকবে। ঘড়িটিতে প্রদর্শিত ঘাসফড়িংটি হিংস্রতার প্রতীক, যে সময়ের ওপর জিহ্বা বের করে হাঁ করে বসে আছে এবং সময় বা সেকেন্ডগুলোকে চেটে চেটে ৫৯তম সেকেন্ডে পুরোপুরি গলাধঃকরণ করছে। তাই একে বলা হয় সময়খেকো বা টাইম ইটার। এ জন্যই বোধ হয় ঘড়িটিকে পৃথিবীর সবচেয়ে আজব ঘড়ি বলা হয়। ঘড়িটির উদ্ভাবক জন টেইলর বলেন, ‘ঘাসফড়িংটি কোনো হাস্যকর চরিত্র নয়’। তিনি এটিই বোঝাতে চেয়েছেন যে, নিষ্ঠুর সময় একবার চলে গেলে কেউ তা কখনো ফিরে পাবে না।

১৯৭২ সালে তিনি ইংরেজ ঘড়ি নির্মাতা জন হ্যারিসনের স্মরণে ঘড়িটির নকশা করেন। জন হ্যারিসন ১৮ শতকে দ্রাঘিমা সমস্যার সমাধান করেন এবং ঘাসফড়িংবিশিষ্ট একটি ঢাল ও ছোট যন্ত্রাংশ তৈরি করেন, যা দোলনের সময় দোলকটিকে মুক্ত রাখে। এক সাক্ষাৎকারে ড. টেইলর বলেন, গতানুগতিক ঘড়ির কাঁটাগুলো দেখতে দেখতে একঘেয়ে মনে হয়। তাই সময় গণনার জন্য নতুন কিছু তৈরির আশা নিয়ে যন্ত্রটিকে আরো সুন্দর ও উন্নত করেছেন। প্রতীকী অর্থে, সময়বিনাশি ও ক্ষয়িষ্ণু এবং কোনো কিছু সময়কে খেয়ে ফেলছে, ঘাসফড়িং দিয়ে তিনি তাই দেখিয়েছেন।

এ ঘড়িটি কর্পাস ক্রিষ্টি কলেজের লাইব্রেরির বাইরের দেয়ালে স্থাপন করা হবে সাধারণ মানুষের অবলোকনের জন্য। ১৯৫০ সালে জন টেইলর এ কলেজের ছাত্র ছিলেন। কলেজটিকে তিনি উপহার হিসেবে ঘড়িটি প্রদান করেন। ঘড়ির উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’ গ্রন্থের লেখক স্টিফেন হকিংও এমন একটি আজব ঘড়ির প্রস্তাবক, যার ব্যাস এক মিটার। British Horological College (BHC) -এর পরিচালক এলান মিল্টন বলেন, ‘পরিকল্পনাটি আসলে চমৎকার। তবে এটা কি বিগ ব্যাঙ-এর মতো বিখ্যাত হবে? তা সময়ই বলে দেবে। যদিও আমি এর সত্যতার ওপর সংশয়াপন্ন।’

এখানে ক্লিক করে বাকীটুকু পড়ুন

স্টিলের মতো মজবুত কাগজ!

. Thursday, April 10, 2008
0 comments

কাগজে লিখে রাখা নাম কালের আবর্তে মুছেই যায়। কিন্তু বিজ্ঞানীরা নতুন যে কাগজ তৈরি করেছেন, তা বোধহয় চিরকালই টিকে থাকবে। সুইডেনে প্রাকৃতিক সেলুলোজ ন্যানোফাইবার থেকে তৈরি ন্যানোপেপার নামের একটি কাগজ উদ্ভাবন করা হয়েছে, যা স্টিলের মতোই মজবুত।

স্টকহোমের সুইডিশ রয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী লারস বার্জল্যান্ড জানান, কাগজ তৈরির জন্য কাঠ থেকে মন্ড তৈরির সময় এর ভেতরের প্রাকৃতিক আঁশগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্বল হয়ে পড়ে। বার্জল্যান্ড এই আঁশগুলো অক্ষত অবস্থায় সংগ্রহ করার একটি প্রক্রিয়া উদ্ভাবন করেছেন। ন্যানোপেপারের শক্তির রহস্য হলো, এর সেলুলোজ ফাইবারগুলোর অক্ষত এবং নেটওয়ার্কের মতো সজ্জিত অবস্থায় থাকা। ফাইবারগুলো একটির সঙ্গে অন্যটির কঠিন বন্ধন তৈরি করে রাখলে কী হবে, যেকোনো চাপ বা টানের মতো বাইরের চাপে এগুলো একটি আরেকটির ভেতর দিয়ে পিছলে গিয়ে চাপ সহ্য করতে পারে।

প্রচলিত কাগজের আঁশের চেয়ে এই সেলুলোজ ফাইবার অনেক ছোট। পরীক্ষায় দেখা গেছে, এর চাপ সইবার ক্ষমতা ২১৪ মেগাপ্যাসকেল, যা ঢালাই লোহার (১৩০ মেগাপ্যাসকেল) চেয়ে বেশি এবং ভবন ও সেতুতে ব্যবহূত ইস্পাতের (২৫০ মেগাপ্যাসকেল) কাছাকাছি। প্রচলিত কাগজের চাপ সইবার ক্ষমতা এক মেগাপ্যাসকেলেরও কম।
খ্যাতনামা বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক জুল ভার্নের ১৮৬৬ সালের উপন্যাস রোবার দ্য কংকারার-এ স্টিলের মতো শক্তিশালী কাগজের উল্লেখ ছিল। জুল ভার্নের উপন্যাসের অনেক ভবিষ্যদ্বাণীর মধ্যে এটিও শেষ পর্যন্ত সত্যি হলো। বিজ্ঞানীরা ইস্পাতদৃঢ় এই কাগজকে নির্মাণকাজেও ব্যবহারের কথা ভাবছেন।

এখানে ক্লিক করে বাকীটুকু পড়ুন